মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১৩:২৩ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই তাঁর প্রধান লক্ষ্য। তিনি বলেন, “মানুষ বড় আশা ও প্রত্যাশা নিয়ে বিএনপিকে সরকারে বসিয়েছে। এখন সময় এসেছে সেই আস্থার প্রতিদান দেওয়ার।”
বৃহস্পতিবার দুপুরে মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম।
এমপি সৈয়দ মো. ফয়সল জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জনগণের সেবাই হবে একমাত্র অঙ্গীকার। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কেউ অবৈধভাবে প্রভাব খাটালে বা সাধারণ মানুষকে হয়রানি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে এমপি ফয়সল বলেন, “মাদক সমাজকে ধ্বংস করছে। এই ব্যাধির বিরুদ্ধে প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন মহলকে একযোগে কাজ করতে হবে।”
সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মাহবুব মোর্শেদ খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।















