সারাদেশ

জমি দখল নিয়ে বিরোধ: জাজিরায় ইতালি প্রবাসীকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

  মোঃ সাইফুল ইসলাম, শরীয়তপুর প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২৫ , ১১:১৯:১১ প্রিন্ট সংস্করণ

 

শরীয়তপুরের জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের কাউয়াদী গ্রামে নিজ ক্রয়কৃত জমি দখল ঠেকাতে প্রতিবাদ করায় চান মিয়া বেপারী (৫৫) নামের এক ইতালি প্রবাসীকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শরীয়তপুর জেলা শহরের এক আইনজীবীর চেম্বারে প্রবাসী চান মিয়া বেপারীর পরিবারের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রবাসীর স্ত্রী নাহার বেপারী, ভাই সামসেল হক বেপারী ও ভাতিজা আলমাস বেপারী।

নাহার বেপারী বলেন, “আমার স্বামী চান মিয়া বেপারী ২০ বছর ধরে ইতালিতে প্রবাস জীবন কাটিয়েছেন। আমিও ১০ বছর সেখানে ছিলাম। কয়েক বছর আগে স্বামী দেশে এসে একই গ্রামের এক্রাম আলী বেপারীর কাছ থেকে ৫০ শতক জমি ক্রয় করেন। কিন্তু এক্রাম ওই জমি বুঝিয়ে না দিয়ে উল্টো আমাদের নানা উপায়ে হয়রানি শুরু করেন।”

তিনি আরও বলেন, “সম্প্রতি স্থানীয়ভাবে সালিস বৈঠকে বসলে প্রভাবশালীরা আমাদের কাছ থেকে জোরপূর্বক স্ট্যাম্পে ও সাদা কাগজে স্বাক্ষর নেয়। আমরা প্রতিবাদ জানালে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয় এবং আমার স্বামীকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। এ সময় এক্রাম বেপারীর ছেলে দুলাল বেপারী, হেলাল বেপারীসহ আরও কয়েকজন রাতের আঁধারে ভেকু মেশিন নিয়ে আমাদের বাড়িঘর ভাঙচুর করে। এখন তারা আমাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমার ছেলেরা প্রবাসে, আমি বাড়িতে একা থাকি—আমি জীবনের নিরাপত্তা চাই, স্বামীর মুক্তি ও ন্যায়বিচার চাই।”

প্রবাসীর ভাই সামসেল হক বেপারী ও ভাতিজা আলমাস বেপারী বলেন, “আমার ভাই চান মিয়া বেপারীর ক্রয়কৃত জমি বুঝিয়ে না দিয়ে এখন আবার সালিসের মাধ্যমে জোর করে স্ট্যাম্প ও সাদা কাগজে স্বাক্ষর নিয়েছে। আমরা প্রতিবাদ করায় মিথ্যা মামলায় আমার ভাইকে জেলে পাঠিয়েছে। এরপর রাতের অন্ধকারে ভেকু মেশিন নিয়ে বাড়িঘর ভাঙতে আসে। আমরা এখন চরম অনিরাপত্তায় ভুগছি। আমাদের বাঁচার অধিকার ও ভাইয়ের মুক্তি চাই।”

অভিযুক্ত এক্রাম আলী বেপারী ও তার পরিবারের সদস্যদের বক্তব্য জানতে বহুবার চেষ্টা করেও তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

এ বিষয়ে জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল ইসলাম বলেন, “পুলিশ মামলা ছাড়া কাউকে গ্রেপ্তার করে না। তাঁর (চান মিয়া বেপারী) বিরুদ্ধে অন্যের জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মামলা রয়েছে, সেই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা–সমালোচনার জন্ম দিয়েছে। প্রবাসীর পরিবার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং নিরাপত্তাসহ ন্যায়বিচার পাওয়ার দাবি জানিয়েছেন।

আরও খবর

Sponsered content