সারাদেশ

জোড়া খুনের মামলা তুলে নিতে চাপ: সাক্ষীর বাড়িতে হামলা, গুরুতর আহত এক

  হৃদয় রায়হান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:১১:২৮ প্রিন্ট সংস্করণ


কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আলোচিত জোড়া খুনের মামলা তুলে না নেওয়ায় মামলার এক সাক্ষীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে মামলার সাক্ষী আসমত গাইন (৫৫) গুরুতর আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামে দেশীয় অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত আসমত গাইনের বাড়িতে হামলা চালায় বলে আহতের পরিবারের অভিযোগ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৩০ অক্টোবর ছাতারপাড়া বাজারে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আপন দুই ভাই হামিদুল ইসলাম (৪৮) ও নজরুল ইসলাম (৪৫)-কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহতরা উপজেলার বেগুনবাড়িয়া গ্রামের রমজান আলীর ছেলে। ওই ঘটনায় আসমত গাইনসহ আরও দু’জন আহত হন। পরে এ ঘটনায় দায়ের হওয়া জোড়া খুনের মামলার অন্যতম সাক্ষী হন আসমত গাইন।

আহত আসমত গাইনের ভাতিজা সজীব গাইন জানান, “ইফতারের আগে অস্ত্রধারী একদল দুর্বৃত্ত আমাদের বাড়িতে হামলা চালায়। আমার চাচা ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জোড়া খুনের মামলায় সাক্ষ্য দেওয়ার কারণেই তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে।”

এ বিষয়ে দৌলতপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, “পূর্বের জোড়া খুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও খবর

Sponsered content