শফিউল মঞ্জুর ফরিদ , বিশেষ প্রতিনিধি ৭ এপ্রিল ২০২৬ , ৯:৩২:৩৫ প্রিন্ট সংস্করণ
বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের পবিত্র ওফাত দিবস উপলক্ষে ‘মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ’ সফল করার লক্ষ্যে জয়পুরহাটে কেন্দ্রীয় দাওয়াতী মিশন ও ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে জাকের পার্টি ছাত্র ফ্রন্ট, বগুড়া সাংগঠনিক বিভাগের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (রবি) বলেন, ইসলামের শান্তি ও সম্প্রীতির বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তিনি তরুণদের আধ্যাত্মিক শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
জাকের পার্টি ছাত্র ফ্রন্টের বগুড়া সাংগঠনিক বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবু শরিফের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আলী।
সম্মেলনে বক্তারা খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের জীবনাদর্শ ও আধ্যাত্মিক দর্শন নিয়ে আলোচনা করেন এবং আসন্ন বিশ্ব ফাতেহা শরীফ উপলক্ষে দাওয়াতী কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ডা. মোজাম্মেল হক, জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি মো. ইউসুফ আলী, নওগাঁ জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি কৃষিবিদ মোহাম্মদ রেজওয়ান ফারুক এবং বগুড়া জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি মো. মিজানুর রহমানসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক ছাত্র প্রতিনিধি।




















