সারাদেশ

টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার নারীর পরিচয় শনাক্ত, হত্যা মামলা দায়ের

  নওগাঁ প্রতিনিধি | ২৮ জানুয়ারি ২০২৬ , ৯:৫৬:১৮ প্রিন্ট সংস্করণ

 নওগাঁ সদর উপজেলার ভবানীপুর গ্রামে একটি টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত নারীর নাম মিতু পারভিন। তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলার শরিফপুর গ্রামের মিরাজুল ইসলামের মেয়ে।

পুলিশ জানায়, মিতুর প্রথম বিয়ে হয় নওগাঁর শিকারপুর গ্রামের সাকিব হোসেনের সঙ্গে। বিয়ের পর স্বামী কর্মসূত্রে সৌদি আরবে চলে যান। ওই সংসারে তাদের সাত বছরের একটি সন্তান রয়েছে। পরে পারিবারিক কলহ ও পরকীয়ার অভিযোগের জেরে ২০২৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

এরপর মিতুর দ্বিতীয় বিয়ে হয় শরিফপুর গ্রামের শুভ নামের এক যুবকের সঙ্গে। এক বছর পর সেই সংসার ভেঙে যায়। পরবর্তীতে আরও একবার বিয়ে হলেও সেই সম্পর্কও টেকেনি। সর্বশেষ গত বছর নওগাঁর তিলকপুর গ্রামের রিপন নামের এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। রিপন চার মাস আগে ঢাকায় চলে যান।

পুলিশের তথ্যমতে, গত ডিসেম্বর মাস থেকে মিতু নওগাঁ শহরের বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে একাই বসবাস করছিলেন। নিহতের বাবা মিরাজুল ইসলাম জানান, তিন দিন আগে তিনি মেয়ের সঙ্গে সর্বশেষ ফোনে কথা বলেন। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ভবানীপুর গ্রামের একটি টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতরে এক নারীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের বাবা মিরাজুল ইসলাম নওগাঁ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ মো. নিয়ামুল হক জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মনজের হোসেন নামের একজনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content