কক্সবাজার প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৬ , ৪:২২:১২ প্রিন্ট সংস্করণ
কক্সবাজারের টেকনাফের দমদমিয়া জাহাজঘাট থেকে সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় দমদমিয়া জাহাজঘাটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘জনসাধারণ, উখিয়া-টেকনাফ’ এবং ‘টেকনাফ দূরপাল্লার বাস ব্যবস্থাপক সমবায় সমিতি’র ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন। এ সময় তাঁরা জাহাজ চলাচল পুনরায় চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

কর্মসূচিতে বক্তব্য দেন হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য এবং রাজনৈতিক দলের নেতারা।
বক্তারা বলেন, টেকনাফ–সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল পুনরায় চালু হলে দ্বীপের বাসিন্দাদের যাতায়াত সহজ হবে। পাশাপাশি পর্যটন, স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জীবিকায় ইতিবাচক প্রভাব পড়বে।
তাঁরা আরও বলেন, সেন্টমার্টিনের বাসিন্দাদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করা এবং পর্যটনশিল্পের বিকাশে দমদমিয়া জাহাজঘাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কারণে স্থানীয় জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে নৌরুটটিতে জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বক্তারা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সরকারি বিধিনিষেধ মেনে চলার ওপর গুরুত্ব দেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে দ্রুত জাহাজ চলাচল চালুর বিষয়ে সিদ্ধান্ত নিতে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি থেকে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।





















