মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৬ , ৯:০৩:৫৭প্রিন্ট
সংস্করণ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডাহুক নদী থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. ইউনুস আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় এজাহার দেওয়া হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের হাড়াদিঘী এলাকায় ডাহুক নদীতে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। এ সময় উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম ফেলে রাখা হয়।
পরে ঘটনাস্থল থেকে ড্রেজার মেশিনের বিভিন্ন অংশ, প্লাস্টিকের পাইপ, লোহার পাম্প, বেয়ারিংসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৭৬ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে ডাহুক নদী থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের ফলে নদীর তলদেশে গভীর খাদ সৃষ্টি, নদীর গতিপথ পরিবর্তন এবং নদীর তীরবর্তী রাস্তা ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানা গেছে।