সারাদেশ

তেলিয়াপাড়া দিবস উপলক্ষে মাধবপুরে মহাসমাবেশ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ৪ এপ্রিল ২০২৬ , ৪:০৩:০৩ প্রিন্ট সংস্করণ


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া চা বাগানে ‘তেলিয়াপাড়া দিবস’ উপলক্ষে শনিবার (৪ এপ্রিল) মহাসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধের প্রথম দিকের গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক বৈঠকের স্মরণে প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।

১৯৭১ সালের এই দিনে তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোয় মুক্তিযুদ্ধের সামরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই মুক্তিযুদ্ধকে সংগঠিত করার বিভিন্ন কৌশল নির্ধারণ করা হয় বলে ইতিহাসে উল্লেখ রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান এমপি, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি, সংসদ সদস্য এস এম ফয়সল এমপি ও সাখাওত হাসান জীবন এমপি।

এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নাঈম জাহাঙ্গীর, সদস্য সচিব সাদেক আহমেদ খান, হবিগঞ্জ জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, পুলিশ সুপার মো. তারেক মাহমুদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, তেলিয়াপাড়া মহান মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে অনুষ্ঠিত বৈঠকে মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি তেলিয়াপাড়ার সংরক্ষণ ও উন্নয়নের দাবি জানান।

প্রধান অতিথি তার বক্তব্যে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, স্বাধীনতার সুফল দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে সরকার কাজ করছে। তিনি তেলিয়াপাড়ার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে এর উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাবেশে হাজারো মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান সফল করতে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা সহযোগিতা করেন।

আরও খবর

Sponsered content