লাইফস্টাইল

দুধ চা কি ওজন বাড়ায়? যা বলছেন পুষ্টিবিদ

  প্রতিনিধি ৩১ জুলাই ২০২৬ , ১০:৩৪:৫৫ প্রিন্ট সংস্করণ

চা ছাড়া অনেকের দিনই যেন শুরু হয় না। সকালে ঘুম ভাঙার পর এক কাপ গরম চা যেমন শরীরকে সতেজ করে, তেমনি মনও প্রফুল্ল রাখে। শুধু সকালেই নয়, কাজের ফাঁকে, বিকেলে কিংবা আড্ডার সময়ও চা পান অনেকের দৈনন্দিন অভ্যাস। তবে এই অভ্যাস কতটা স্বাস্থ্যকর, বিশেষ করে দুধ চা, তা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, পরিমিত পরিমাণে চা পান উপকারী হলেও নিয়মিত দুধ-চিনি মিশিয়ে চা খেলে অতিরিক্ত ক্যালোরি শরীরে জমতে পারে। এর ফলে ধীরে ধীরে ওজন বৃদ্ধির ঝুঁকি বাড়ে।

ভারতের হাওড়ার নারায়ণা হাসপাতালের পুষ্টিবিদ রাখি চ্যাটার্জির মতে, চা নিজে ক্ষতিকর নয়। তবে এতে দুধ ও চিনি যোগ করার কারণে পানীয়টির ক্যালোরির পরিমাণ অনেক বেড়ে যায়। বিশেষ করে ফুল-ক্রিম দুধ ও এক চা-চামচ চিনি দিয়ে তৈরি এক কাপ চায়ে প্রায় ৭০ ক্যালোরি থাকে। দিনে চার কাপ এমন চা পান করলে প্রায় ২৮০ ক্যালোরি অতিরিক্ত গ্রহণ করা হয়, যা দীর্ঘমেয়াদে ওজন বাড়ানোর অন্যতম কারণ হতে পারে।

তিনি আরও জানান, দুধ চা তৈরির সময় দীর্ঘক্ষণ ফুটানোর ফলে চায়ে থাকা ট্যানিনের পরিমাণ বেড়ে যেতে পারে। অতিরিক্ত ট্যানিন শরীরের জন্য উপকারী নয়। এটি চায়ের অ্যান্টিঅক্সিডেন্টের কার্যকারিতা কমিয়ে দিতে পারে এবং হজম ও বিপাকক্রিয়ায়ও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাহলে কি দুধ চা একেবারেই এড়িয়ে চলতে হবে? পুষ্টিবিদের পরামর্শ হলো, সম্ভব হলে কম চর্বিযুক্ত (লো-ফ্যাট) দুধ ব্যবহার করতে হবে এবং চিনি না দেওয়াই ভালো। প্রয়োজনে চিনির বিকল্প হিসেবে সুগার-ফ্রি ব্যবহার করা যেতে পারে। এ ছাড়া গুঁড়া দুধের পরিবর্তে তরল লো-ফ্যাট দুধ ব্যবহার করাই উত্তম, কারণ অনেক গুঁড়া দুধে অতিরিক্ত চিনি থাকে।

বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যকর উপায়ে প্রস্তুত করা এবং পরিমিত পরিমাণে পান করলে দুধ চায়ের ক্ষতিকর প্রভাব অনেকটাই কমানো সম্ভব। তাই চা পান পুরোপুরি বন্ধ না করে বরং এর উপাদান ও পরিমাণের দিকে নজর দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আরও খবর

Sponsered content