প্রতিনিধি ১১ আগস্ট ২০২৬ , ২:২৮:৪৪ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালীর দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ তুলে তাঁকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় ছাত্রজনতা।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে দুমকী-বাউফল মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নতুন বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় বিক্ষোভকারীরা ৪৮ ঘণ্টার মধ্যে ইউএনও আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীকে দুমকী থেকে অপসারণের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। নির্ধারিত সময়ের মধ্যে তাঁকে অপসারণ করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইউএনও নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না। এ ছাড়া মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া, সেবা নিতে আসা সাধারণ মানুষকে সাক্ষাৎ না দেওয়া, জরুরি প্রয়োজনে ফোন করা হলেও ফোন রিসিভ না করা এবং ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ করেন তাঁরা।
এ ছাড়া গত ৫ আগস্ট জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের দাওয়াত না দেওয়ার অভিযোগও করেন বক্তারা।
মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আমিনুল ইসলাম, সারমিন আক্তার স্বর্ণা, সাইফুল আলম, আবু রাফি এবং শ্রীরামপুরের চরবয়ড়া এলাকার বাসিন্দা নাজেম সরদারসহ স্থানীয়রা বক্তব্য দেন।
অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর বক্তব্য জানতে চাইলে তিনি অডিও বা ভিডিও বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।
এ বিষয়ে পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।





















