মোঃ রবিউল ইসলাম, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৫ , ৬:৪৫:১৯ প্রিন্ট সংস্করণ
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
দুর্নীতি দমন কমিশন, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মুক্তার আলী। সঞ্চালনায় ছিলেন মান্দিয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ রবজেল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম। তিনি বলেন, “দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলেই দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল কুমার কুণ্ডু, হরিণাকুণ্ডু মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ জোয়ারদার, গণঅধিকার পরিষদের হরিণাকুণ্ডু উপজেলা শাখার আহ্বায়ক আমর বিন মারুফ (জিতু), শিশু কলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামত আলী, আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসদুল হক (টিটু) প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং নানা শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি ও আলোচনা সভায় বক্তারা দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।




















