প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:২২:৪৫ প্রিন্ট সংস্করণ
নাটোরে নিজের সরকারি পিস্তলের গুলিতে মামুন হোসেন নামে এক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় নাটোর পুলিশ লাইন্সের সরকারি নিজ বাসভবনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে দ্রুত আহত পুলিশের এসআই মামুনকে হাসপাতালে দেখতে ছুটে যান পুলিশ সুপার আবদুল ওয়াহাবসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা। এ সময় তিনি আহত পুলিশের শরীরিক অবস্থার অবস্থান খোঁজ-খবর নেন।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, ‘শুক্রবারে ডিউটি পালন শেষে সন্ধ্যায় পুলিশ লাইন্স সরকারি নিজ বাসায় ফিরেন এসআই মামুন। এ সময় তার ব্যবহৃত সরকারি পিস্তলটি বিছানায় রেখে তিনি ওয়াশরুমে যান। ঠিক সেই সময় তার শিশু ছেলে পিস্তল নিয়ে নাড়াচাড়া করছিল। এক পর্যায়ে অসাবধানতাবশত গুলি বের হয়ে এসআই মামুন বাম পায়ে গুলিবিদ্ধ হন। এ সময় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়েছে। রাতেইঅপারেশনের মাধ্যমে পা থেকে গুলিটি বের করতে সক্ষম হয়েছে চিকিৎসকরা। তিনি এখন সুস্থ আছেন।’
তিনি বলেন, ‘দুর্ঘটনাটি ভুলবশত হয়েছে। ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ।’




















