সারাদেশ

উত্তরায় যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  নাজমুল ইসলাম মন্ডল ঃ ১৯ নভেম্বর ২০২৫ , ৪:৩৫:০৮ প্রিন্ট সংস্করণ

রাজধানীর উত্তরা এলাকায় যুবদল নেতা ও পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে সন্ত্রাসীদের গুলিতে নৃশংস হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় উত্তরা ১২-১৩ নম্বর মোড় থেকে শুরু হওয়া মিছিলটি আজমপুর আমির কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও যুবদল মিরপুর জোনের সাবেক টিম প্রধান শিমুল আহমেদ। এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব মো. কামরুল জামানসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভকারীরা গোলাম কিবরিয়া হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের দাবি জানান। তারা অভিযোগ করেন, রাজনৈতিক নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলা ও হত্যাকাণ্ড বেড়েই চলেছে। এসব বর্বরতা বন্ধ করে দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

শিমুল আহমেদ বলেন, “আমরা কিবরিয়া হত্যার বিচার চাই। গত কয়েক বছরে আমাদের বহু ভাই গুম-খুনের শিকার হয়েছেন—তাদেরও বিচার চাই। এই সরকারের আমলে আর কোনো ভাই যেন গুম বা খুনের শিকার না হয়—এটাই আমাদের দাবি।”

মো. কামরুল জামান বলেন, “আমাদের সহযোদ্ধা কিবরিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার না হলে আমাদের দুর্বার আন্দোলন চালিয়ে যাব। আমরা অনেক ভাইকে হারিয়েছি, আর কাউকে হারাতে চাই না। ভবিষ্যতে যেন কেউ এমন ঘটনা ঘটাতে না পারে—সেই বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।”

হত্যার প্রতিবাদে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক স্থানীয় মানুষের উপস্থিতি ছিল, যা আন্দোলনকে আরও বেগবান করে তোলে।

আরও খবর

Sponsered content