সারাদেশ

দিনাজপুরে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে হাকিমপুর হিলি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর থেকে: ৮ নভেম্বর ২০২৫ , ৩:৫৯:১৬ প্রিন্ট সংস্করণ

দেশব্যাপী পেঁয়াজের বাজারে হঠাৎ ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার হিলি সবজি বাজারে শনিবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মূল্য তালিকা না রাখা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫টি দোকানকে মোট ২,৭০০ টাকা জরিমানা করা হয়।

এই অভিযান পরিচালনা করেন হাকিমপুর (হিলি) উপজেলা ভূমি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির হোসেন। অভিযান চলাকালে তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে পেঁয়াজের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় সাধারণ ক্রেতারা বিপাকে পড়েছেন। তাই বাজারে যাতে অযৌক্তিক দাম বৃদ্ধি না পায় এবং ব্যবসায়ীরা নিয়ম মেনে মূল্য তালিকা প্রদর্শন করেন, সেজন্য জেলা প্রশাসকের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়েছে।

ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির হোসেন আরও বলেন, “কিছু দোকানদার মূল্য তালিকা প্রদর্শন না করে অনিয়ম করছিলেন। তাদের সতর্কতা মূলক জরিমানা করা হয়েছে। বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং ক্রেতাদের স্বস্তি ফিরিয়ে দিতে আমাদের অভিযান নিয়মিত চলবে।”

অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এতে বাজারের অন্যান্য দোকানদারদের মধ্যেও সতর্কতা দেখা যায়।

স্থানীয় ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “নিয়মিত মনিটরিং ও নজরদারি থাকলে পেঁয়াজসহ অন্যান্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে।”

আরও খবর

Sponsered content