নেত্রকোণা প্রতিনিধি ৬ জুন ২০২৬ , ৪:২৫:৪৪ প্রিন্ট সংস্করণ
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নেত্রকোণা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল ১০টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও রোগীর স্বজনদের মধ্যে ডেঙ্গু বিষয়ে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।
শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, নেত্রকোণা পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আরিফুল ইসলাম সরদার, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ একরামুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুখময় সরকার, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মাজহারুল আমিনসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।
শোভাযাত্রাটি হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক এবং হাসপাতালের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে।
হাসপাতাল সূত্রে জানা যায়, অভিযানের প্রথম পর্যায়ে হাসপাতালের অভ্যন্তরীণ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। পরবর্তী সময়ে হাসপাতালের আশপাশের এলাকাতেও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতনতামূলক প্রচারণা অব্যাহত থাকবে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ একরামুল হাসান বলেন, “হাসপাতালে প্রতিদিন বিভিন্ন ধরনের বর্জ্য তৈরি হয়। এসব বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা এবং হাসপাতাল পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে উঠবে এবং ডেঙ্গু প্রতিরোধেও ইতিবাচক ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে রোগী ও স্বজনদের স্বাস্থ্যঝুঁকি কমবে এবং হাসপাতালের সেবার মানও আরও উন্নত হবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।




















