আন্তর্জাতিক

বদরগঞ্জে জোরপূর্বক জমি দখলচেষ্টার অভিযোগ

  ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ১২ আগস্ট ২০২৫ , ২:২৮:১৬ প্রিন্ট সংস্করণ

 

রংপুরের বদরগঞ্জ পৌরশহরের সরদারপাড়া পকিহানা এলাকায় জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। মৃত নজির হোসেনের ছেলে আতিকুর রহমান (ওরফে বাচ্চু) ও তার ছেলে লিংকনের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন জমির মালিক গণেশ মহত।

অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার (১১ আগস্ট) দুপুরে বাচ্চু, তার ছেলে ও পরিবারের লোকজন দেশীয় অস্ত্র ও ট্রাক্টর নিয়ে এসে গণেশ মহতের জমিতে চাষ শুরু করেন। এ সময় বাধা দিতে গেলে বাচ্চু গণেশকে মাটিতে ফেলে গলা চেপে শ্বাসরোধের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। পরে পরিবারের সদস্যরা গণেশকে উদ্ধার করেন। জমিতে থাকা ঘাস নষ্ট করে জোরপূর্বক চাষ করায় প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

গণেশ মহত জানান, জমিটি তাদের পৈতৃক সম্পত্তি এবং ৪০-৬২ দাগে তাদের নামে রেকর্ড থাকলেও ৯২ দাগে ভুলবশত বাচ্চুদের নামে রেকর্ড হয়। রেকর্ড সংশোধনের মামলা চলমান থাকা অবস্থায় অভিযুক্তরা বহিরাগত লোক ভাড়া করে এনে দখলের চেষ্টা চালায়।

ঘটনার দিন পুলিশে খবর দিলে বাচ্চু ও তার লোকজন ট্রাক্টর নিয়ে সরে যায়। পরে বিকেলে বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযুক্ত আতিকুর রহমান বাচ্চুর সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান বলেন, “অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও খবর

Sponsered content