আন্তর্জাতিক

পুত্রবধূর রাজকীয় উপাধি বাতিল করলেন ব্রুনেইয়ের সুলতান

  প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৬ , ১০:০০:০১ প্রিন্ট সংস্করণ

ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ তার পুত্রবধূ পেঙ্গিরান রাবিয়াতুল আদাউইয়াহর রাজকীয় উপাধি বাতিল করেছেন। দেশটির গ্র্যান্ড চেম্বারলেইনের কার্যালয় জানিয়েছে, রাজপরিবারের সদস্যের স্ত্রী হিসেবে তার আচরণকে ‘অনুপযুক্ত’ বলে বিবেচনার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্তাসংস্থা টাইমস অব ইন্ডিয়ার এক প্রতবেদনে এ তথ্য জানা যায়।

গত ৮ আগস্ট শনিবার জারি করা সুলতানের আদেশে রাবিয়াতুলের ‘ইয়াং আমাত মুলিয়া পেঙ্গিরান আনাক ইস্তেরি’ উপাধি তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়। এর ফলে তিনি আর ব্রুনেই রাজপরিবারের সদস্য হিসেবে বিবেচিত হচ্ছেন না।

৩৩ বছর বয়সী রাবিয়াতুল সুলতানের ছেলে প্রিন্স আবদুল মালিকের স্ত্রী। ৪৩ বছর বয়সী আবদুল মালিক ব্রুনেইয়ের সিংহাসনের উত্তরাধিকারক্রমে চতুর্থ এবং সুলতান ও তার প্রথম স্ত্রী কুইন সালেহার দ্বিতীয় ছেলে।

গ্র্যান্ড চেম্বারলেইনের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রাবিয়াতুলের কর্মকাণ্ড রাজতন্ত্রের সুনাম ক্ষুণ্ন করেছে এবং সুলতানের প্রতি তার ‘অসম্মান’ প্রকাশ পেয়েছে। তবে ঠিক কী ধরনের আচরণ বা ঘটনার কারণে তার রাজকীয় উপাধি কেড়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে রাবিয়াতুল ও প্রিন্স আবদুল মালিকের বিবাহবিচ্ছেদের কোনো সরকারি ঘোষণাও এখনো আসেনি। ফলে উপাধি বাতিলের এই সিদ্ধান্তের পরও তাদের দাম্পত্য সম্পর্ক বহাল রয়েছে বলেই জানা যাচ্ছে।

প্রিন্স আবদুল মালিক ও রাবিয়াতুল আদাউইয়াহ ২০১৫ সালে ব্রুনেইয়ের রাজধানী বান্দার সেরি বেগাওয়ানের ইস্তানা নুরুল ইমানে জমকালো আয়োজনে বিয়ে করেন। সুলতানের সরকারি বাসভবনে আয়োজিত সেই বিয়ের অনুষ্ঠান প্রায় ১০ দিন ধরে চলে এবং এতে হাজারো অতিথি অংশ নেন।

এই দম্পতির চার মেয়ে রয়েছে- ১০ বছর বয়সী প্রিন্সেস মুথিয়াহ, ৮ বছর বয়সী প্রিন্সেস ফাতিয়্যাহ, ৬ বছর বয়সী প্রিন্সেস খালিশাহ এবং ১৬ মাস বয়সী প্রিন্সেস নাবিলা। তবে সুলতানের আদেশে তাদের সন্তানদের রাজকীয় উপাধি প্রভাবিত হয়নি বলে জানা গেছে।

সুলতান হাসানাল বলকিয়াহ এর আগেও তার পরিবারের সদস্যদের রাজকীয় উপাধি বাতিল করেছেন। ২০০৩ সালে বিবাহবিচ্ছেদের পর তিনি তার দ্বিতীয় স্ত্রী মারিয়াম আবদুল আজিজের রাজকীয় উপাধি কেড়ে নেন। একইভাবে ২০১০ সালে তৃতীয় স্ত্রী আজরিনাজ মাজহার হাকিমের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তার উপাধিও বাতিল করা হয়।

তবে রাবিয়াতুলের ঘটনা সেসব ঘটনার তুলনায় ব্যতিক্রম। কারণ, এখন পর্যন্ত তার সঙ্গে প্রিন্স আবদুল মালিকের বিচ্ছেদ বা আলাদা হয়ে যাওয়ার কোনো সরকারি ঘোষণা হয়নি।

উল্লেখ্য, তেলসমৃদ্ধ দক্ষিণ-পূর্ব এশীয় দেশ ব্রুনেই বোর্নিও দ্বীপে অবস্থিত এবং চারদিকে মালয়েশিয়া দ্বারা ঘেরা। দেশটি সুলতানের নেতৃত্বাধীন একটি পরম রাজতন্ত্র। ৮০ বছর বয়সী সুলতান হাসানাল বলকিয়াহ ১৯৬৭ সালে তার পিতার উত্তরসূরি হিসেবে ব্রুনেইয়ের সিংহাসনে বসেন। ১৯৮৪ সালে ব্রুনেই ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর তিনি দেশটির প্রধানমন্ত্রীও হন। দীর্ঘ শাসনকালের কারণে তিনি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা রাজাদের একজন।

আরও খবর

Sponsered content