সারাদেশ

বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে বিএনপির বিক্ষোভ

  সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর) ১১ অক্টোবর ২০২৬ , ৯:১৩:১০ প্রিন্ট সংস্করণ

যশোরের বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। শনিবার (১১ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচি থেকে সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ তোলেন বক্তারা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে সার ডিলার নিয়োগের ক্ষেত্রে অনিয়ম করা হয়েছে। নির্ধারিত যোগ্যতা ও নিয়ম পূরণ করেও অনেক ব্যবসায়ী ডিলারশিপ পাননি বলে দাবি করেন তাঁরা।

বক্তারা আরও অভিযোগ করেন, ডিলার নিয়োগের ক্ষেত্রে দলের ত্যাগী ও দীর্ঘদিনের নেতাকর্মীদেরও বঞ্চিত করা হয়েছে। একই সঙ্গে নিয়ম মেনে আবেদন করেও যোগ্য ব্যবসায়ীরা ডিলারশিপ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

সমাবেশে বক্তব্য দেন বাঘারপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু। এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার পাশাপাশি উত্থাপিত অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিক্ষোভ সমাবেশ শেষে নেতারা তাঁদের দাবি ও অভিযোগ উল্লেখ করে বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে একটি স্মারকলিপি জমা দেন।

আরও খবর

Sponsered content