বিনোদন

বিয়ে ছাড়াই মা হতে চান রাইমা সেন

  প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ৭:০৮:০৯ প্রিন্ট সংস্করণ

ভারতের অন্যতম অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন। বর্তমানে তার বয়স ৪৬ বছর। এখনো বিয়ের প্রসঙ্গে আসলে তিনি সরাসরি উড়িয়ে দেন। তবে বিয়ে না করলেও ভবিষ্যতে মা হওয়ার ইচ্ছা একেবারে উড়িয়ে দিচ্ছেন না তিনি। তিনি বলেন, শুধু মা হওয়ার জন্য বিয়ে করার কোনো প্রয়োজন নেই।

২৪ সেপ্টেম্বর ভারতের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাইমা সেন বলেন, ‘একটা বিষয় আমার কাছে ভীষণ পরিষ্কার। শুধুমাত্র মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন।’

মা হওয়ার ইচ্ছা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি। ভয় লাগে, কী জানি সব ম্যানেজ করতে পারব কি না, ভেবে দেখিনি। তবে আজ মনে হচ্ছে না, কাল ইচ্ছে হতেই পারে।’

রাইমা জানান, মা হওয়ার সম্ভাবনার কথা মাথায় রেখেই বেশ কয়েক বছর আগে নিজের ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন তিনি। অভিনেত্রীর ভাষায়, ‘সেই সব সাত-পাঁচ ভেবে অনেক কাল আগেই ডিম্বাণু সংরক্ষণ (এগ ফ্রিজ) করে রেখেছি।’

বিয়ে নিয়ে মা মুনমুন সেনও তাকে কোনো ধরনের চাপ দেন না। বরং মেয়েকে নিজের মতো সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন। রাইমার ভাষায়, ‘জোর করে কিছু করো না। পরে কখনও একাকিত্বে ভুগলে অনেকগুলো পোষ্য দত্তক নিও।’

নিজের বিয়ে নিয়ে রাইমা বলেন, ‘সত্যি কথা বলতে, এই বয়সে দাঁড়িয়ে বিয়ে করার তাগিদটাও অনুভব করি না। অ্যাটাচমেন্ট নিয়েও চিন্তা হয়।’

একাকী জীবন কেমন কাটছে- এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘দারুণ। আমার মনে হয়, চল্লিশের পরই জীবন শুরু হয়।’ তার মতে, বর্তমানে নিজেকে অনেক বেশি স্বাধীন মনে হয়।

আরও খবর

Sponsered content