প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৫ , ৯:১৬:২৬ প্রিন্ট সংস্করণ
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর ও দেশের ঐতিহ্যবাহী দরবার ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমেদ হুসাইন গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
আজ দুপুরে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাযেমে আ’লার স্বাক্ষরিত শোকবার্তায় পীর ছাহেব কেবলা বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আপোষহীন নেত্রী হিসেবে সুখ্যাতি অর্জন করেছেন। তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়ে তিনি দেশের ও জনগণের সেবায় নিজেকে উজাড় করে দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও নীতির প্রতি অটল থেকে তিনি দেশের মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার হাত সম্প্রসারিত করেছিলেন। পীর ছাহেব কেবলা মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করার জন্য দোয়া করেন।
শোকবার্তায় পীর ছাহেব কেবলা স্মৃতিচারণ করে বলেন, তাঁর পরিবারের পূর্বপ্রজন্মের সঙ্গে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্ক ছিল গভীর। বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব দেশের জন্য অপরিহার্য ছিল, এবং দেশের এই ক্রান্তিকালে তার প্রয়াণে দেশের মানুষ শোকাহত হয়েছেন।
পীর ছাহেব কেবলা মরহুমার জ্যেষ্ঠ সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি সকলকে ধৈর্য্য ধারণের পরামর্শ দিয়েছেন এবং জনাব তারেক রহমানকে তার মায়ের স্মৃতিকে শক্তিতে রূপান্তর করে পিতার আদর্শ ও নীতিতে অটল থেকে দল ও দেশের সেবা করার আহ্বান জানিয়েছেন।
এছাড়া পীর ছাহেব কেবলা বাংলাদেশের জমইয়াতে হিযবুল্লাহ ও এর অঙ্গসংগঠন (যুব হিযবুল্লাহ, ছাত্র হিযবুল্লাহ, আইম্মায়ে হিযবুল্লাহ, আঞ্জুমানে ওয়ায়েজীন ও জমইয়াতে ওলামা) এবং দেশের দ্বীনিয়া মাদ্রাসাগুলোর শিক্ষক ও শিক্ষার্থীদের কুরআন খতম ও খতমে তাহলীল পাঠ করে মরহুমার রূহের মাগফিরাত কামনা করতে নির্দেশ দিয়েছেন। তিনি জানাযার নামাজে সর্বস্তরের মুসলমানদের উপস্থিত থাকারও অনুরোধ জানিয়েছেন।





















