প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:৪৯:৪৩ প্রিন্ট সংস্করণ
শাহনেওয়াজ শাহ্, বিজয়নগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে। ৭ ফেব্রুয়ারি, শুক্রবার ভোর বেলা সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ০৬ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে ভারতীয় I.V Cannula 20ml (Heavy Flow)- ৪০০০ পিস, I.V Cannula 15ml (Heavy Flow)- ২০০০ পিস, ইনজেকশন-১৬০০ পিস, ৫৮০ পিস ঔষধ ও ২,৭০০ পিস চকলেট আটক করা হয়।
আটককৃত অবৈধ চোরাচালানী মালামালের সিজার মূল্য ১ কোটি ১ লক্ষ ৫১ হাজার টাকা। আটককৃত চোরাচালানী মালামালসমূহ আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।
বিজিবি আরো জানায়, ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে যাতে ভারত হতে যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন এর অভিযান চলমান থাকবে।





















