নাহিদ মিয়া , মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি ২১ জুলাই ২০২৬ , ১২:৩৫:০৪ প্রিন্ট সংস্করণ
দালালের প্রলোভনে ভুয়া ভ্রমণ ভিসায় সৌদি আরবে গিয়ে প্রায় তিন মাস ধরে কারাগারে বন্দি রয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার মশিউর রহমান সুজন (৩৫) নামে এক যুবক। তিনি উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মতি মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২১ মার্চ স্থানীয় দালালচক্রের মাধ্যমে সুজনকে ভ্রমণ ভিসায় সৌদি আরবে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পরপরই তাকে আটক করে মদিনা শহরের একটি কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি সেখানেই বন্দি রয়েছেন।
সুজনের পরিবারের অভিযোগ, হরিনখোলা এলাকার মুমিন মিয়া ও ডালিম মিয়া দীর্ঘদিন ধরে ভুয়া ভ্রমণ ভিসায় বিদেশে লোক পাঠিয়ে প্রতারণা করে আসছেন। তাদের আশ্বাসে সৌদি আরবে গিয়ে আজ চরম দুর্ভোগে পড়েছেন সুজন।
তবে অভিযোগ অস্বীকার করে মুমিন মিয়া ও ডালিম মিয়া বলেন, তারা কোনো প্রতারণা বা মানবপাচারের সঙ্গে জড়িত নন। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
সুজনের ভাই মাসুক মিয়া বলেন, “আমার ভাই নির্দোষ। দালালের প্রতারণার শিকার হয়ে তিন মাস ধরে বিদেশের কারাগারে বন্দি। আমরা দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং আমার ভাইকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চাই।”
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রতারণা বা মানবপাচারের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





















