তাপস কুণ্ডু, ঝিনাইদহ প্রতিনিধি ৬ জুন ২০২৬ , ১:৪৬:২৬ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জামায়াতে ইসলামীর অন্তত ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন বলে দাবি করেছে স্থানীয় বিএনপি। শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার বাঘাডাঙ্গা মহিউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তারা বিএনপিতে যোগদান করেন।
আয়োজকদের দাবি, যোগদানকারীদের মধ্যে জামায়াতে ইসলামীর শতাধিক নারী কর্মীও রয়েছেন।
অনুষ্ঠানে যোগদানকারীরা উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনির হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত হন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান ফুটানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনি বলেন, “বিএনপির গণমুখী রাজনীতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দলের শীর্ষ নেতৃত্বের প্রতি আস্থা রেখে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ বিএনপিতে যোগ দিচ্ছেন। এতে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে।”
সদ্য বিএনপিতে যোগ দেওয়া এক কর্মী বলেন, “দীর্ঘদিন অন্য রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। বিএনপির কার্যক্রম ও নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমরা একসঙ্গে দলে যোগ দিয়েছি। ভবিষ্যতে দলের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেব।”
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
তবে বিএনপিতে যোগদানের বিষয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।




















