সারাদেশ

মাদকাসক্ত ছেলের মারধরে প্রাণ গেল বাবার

  প্রতিনিধি ৬ জুলাই ২০২৬ , ১:১২:২৯ প্রিন্ট সংস্করণ

নওগাঁ শহরে মাদকাসক্ত ছেলের মারধরে বাবা মাহাতাব সরকারের মৃত্যু হয়েছে।ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত ছেলে সুমন।

আজ সোমবার ভোরে শহরের বনানীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মাহাতাব (৬২) পেশায় একজন রিকশাচালক ছিলেন।

থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, কয়েক বছর আগে মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন ছেলে সুমন। এ নিয়ে সংসারে প্রায় ঝগড়া হতো এবং অশান্তি লেগেই থাকতো। মাদকাসক্তের কারণে প্রায় এক বছর আগে সুমনকে রেখে তার স্ত্রী সুমা ঢাকায় পোশাক কারখানায় চলে যায়। কয়েকদিন আগে সুমা বাড়িতে আসে। আবারও ঝগড়া হয়। সুমন রাগ করে রোববার রাত ১২টার দিকে তার বাবার কাছে শুয়ে পড়ে। সুমনের ঘুম আসছিলো না দেখে বাবা মাহাতাব সরকার দোয়া পড়ে তার ছেলে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। এ নিয়ে আরও রেগে যান সুমন। একপর্যায়ে তার বাবার হাত ধরে জোর করে ঘর থেকে বের করে বাড়ির উঠানে এনে শরীরে আঘাত করে এবং ইট দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান মাহাতাব সরকার। পরে পরিবারের সদস্যরা এগিয়ে এলে পালিয়ে যান সুমন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পর থেকে ঘাতক সুমন পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের বড় ভাই আফতাব উদ্দিন সরকার বাদী হয়ে নওগাঁ সদর থানা একটি মামলা করেছেন।

আরও খবর

Sponsered content