সারাদেশ

মাদারীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসপাতালের জমি দখলের অভিযোগ

  ইব্রাহিম সবুজ , স্টাফ রিপোর্টার, মাদারীপুর: ২৮ মার্চ ২০২৬ , ৯:৫৬:৪৩ প্রিন্ট সংস্করণ


মাদারীপুরের কালকিনি উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নূর জেনারেল হাসপাতালের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে ভুরঘাটা এলাকার নূর জেনারেল হাসপাতালের একটি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন হাসপাতালের সহকারী ব্যবস্থাপক মুশফিকুর রহমান রঞ্জু।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংশ্লিষ্ট জমি নিয়ে চলমান মামলায় আদালত থেকে নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও স্থানীয় প্রভাবশালী সোলেমান হাওলাদার ও তার সহযোগীরা জোরপূর্বক জমি দখল করে সেখানে স্থায়ী ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এটি আদালতের আদেশের প্রতি চরম অবজ্ঞা বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা রাতের আঁধারে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে একাধিকবার পুলিশ ও প্রশাসনের সহযোগিতা চাওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ পাওয়া যায়নি। এ ঘটনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

অভিযোগের বিষয়ে সোলেমান হাওলাদার বলেন, তিনি আদালতের কোনো নিষেধাজ্ঞা অমান্য করছেন না। তার দাবি, নিজস্ব জমিতেই তিনি ভবন নির্মাণ করছেন।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি পুলিশ অবগত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়েছে। তবে বর্তমানে কাজ চলছে—এমন তথ্য তিনি পাননি। নির্দেশ অমান্য করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আরও খবর

Sponsered content