মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ৩ জুন ২০২৬ , ৩:২৯:০৫ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার খরকি গ্রামে সালিশ বৈঠকে মোবাইল ফোনে ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার খরকি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আহমদের মালিকানাধীন ঢাকার একটি ফার্নিচার দোকান থেকে ঈদের আগে তোফাজ্জল নামে এক ব্যক্তি কিছু টাকা নিয়ে যান। পরে ওই টাকা লেনদেনকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে মঙ্গলবার বিকেলে গ্রামে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বিচার কার্যক্রম চলাকালে এক পক্ষ মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করলে অপর পক্ষ এতে আপত্তি জানায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দীর্ঘ চেষ্টার পর রাত প্রায় ৯টার দিকে সংঘর্ষ থামে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “পূর্বের টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”




















