মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:১২:৫৭ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনের ইসলামিক ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরীর নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের দেওলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পূর্বনির্ধারিত প্রচারণা কর্মসূচি শেষ না করেই ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী।
স্থানীয় সূত্র জানায়, নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে দেওলগাঁও গ্রামে পৌঁছামাত্র তাহেরীর গাড়িবহরকে বাধা দেন সাটিয়াজুড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য নুরুল হকের নেতৃত্বে একদল নেতাকর্মী। এ সময় তারা মোমবাতি প্রতীকের স্লোগান ও প্রচারণা বন্ধের দাবি জানান। ঘটনাস্থলে বিএনপির প্রার্থী সৈয়দ ফয়সলের লিফলেট বিএনপি নেতাকর্মীদের হাতে দেখা যায়।
একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হট্টগোলের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় তাহেরীর গাড়িবহর ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনাস্থল ছাড়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী বলেন, “নির্বাচন আসে, নির্বাচন চলে যায়। রাজনীতি করার অধিকার সবার রয়েছে। কিন্তু নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী।”
তিনি আরও বলেন, “বিএনপির সমর্থকরা শুধু প্রচারণা বানচাল করেনি, তারা আমার গাড়িবহরও কিছুক্ষণ আটকে রাখে। এসব করে যদি তারা শান্তি পায়, করুক। তবে মনে রাখতে হবে—প্রচারণায় বাধা দেওয়া মারাত্মক অপরাধ।”
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর সিরাজ বলেন, “নির্বাচনের সময় এ ধরনের ঘটনা ঘটে। বিষয়টি একটি ভুল বোঝাবুঝি।”
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, “ঘটনার বিষয়ে আমাদের কেউ অবগত করেননি। আমরা খোঁজখবর নিচ্ছি।”




















