শিক্ষা ও শিক্ষাঙ্গন

মেক্সিকোতে উচ্চশিক্ষার আন্তর্জাতিক সম্মেলনে প্যানেলিস্ট ড্যাফোডিলের ড. সবুর খান

  প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩:৪৮:০৩ প্রিন্ট সংস্করণ

মেক্সিকোর ঐতিহ্যবাহী CETYS University-এর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘The Commitment of University Presidents to Student Success: IAUP Experiences’ শীর্ষক উচ্চপর্যায়ের আন্তর্জাতিক প্যানেল আলোচনায় সম্মানিত প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

গত ২১ সেপ্টেম্বর মেক্সিকোর CETYS ইউনিভার্সিটির মেক্সিকালি ক্যাম্পাসের ‘অডিটোরিও প্যাকার’-এ আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। প্যানেলটি সঞ্চালনা করেন ইউনিভার্সিটি অব লা ভার্নের প্রেসিডেন্ট এমেরিতা এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপির) প্রেসিডেন্ট এমেরিতা দেবোরা লিবারম্যান। প্যানেলে ড. সবুর খান ছাড়াও ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির প্রেসিডেন্ট এমেরিটাস টমাস ডি. মোরালেস, জর্জিয়ার ককাসাস বিশ্ববিদ্যালয়ের রেক্টর কাখা শেঙ্গেলিয়া এবং পেরুর ইউনিভার্সিদাদ সেঞ্চুর দ্য সিপানের রেক্টর আলেজান্দ্রো ক্রুজাতা অংশ নেন।

প্যানেল আলোচনায় ড. সবুর খান উচ্চশিক্ষার ক্ষেত্রে ‘বিয়ন্ড ডিগ্রিস’ (Degrees Beyond) ধারণার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, “শিক্ষার্থীদের সাফল্য কেবল একটি একাডেমিক ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। ডিগ্রির পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা, আত্মবিশ্বাস, উদ্যোক্তা-মানসিকতা এবং বৈশ্বিক ক্ষেত্রে অর্থবহ প্রভাব ফেলার সক্ষমতা অর্জনই প্রকৃত সাফল্য।” তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিকীকরণ কেবল কাগজে-কলমে সমঝোতা চুক্তির মধ্যে সীমাবদ্ধ না রেখে যৌথ উদ্যোগ ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে পরিমাপযোগ্য ফলাফলে রূপান্তর করতে হবে। এই আন্তর্জাতিক সম্মেলনে তাঁর উপস্থিতি বিশ্বমঞ্চে বাংলাদেশের উচ্চশিক্ষা নেতৃত্বের অবস্থানকে আরও সুদৃঢ় করল।

আরও খবর

Sponsered content