হামিদুল ইসলাম , মেহেরপুর প্রতিনিধি। ৩০ ডিসেম্বর ২০২৫ , ৪:৫৯:২১ প্রিন্ট সংস্করণ
মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে মিমিয়া (৮) নামের এক শিশু। মঙ্গলবার (আজ) দুপুর ১২টার দিকে গহরপুর গ্রামের পূর্বপাড়ায় মানিক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশু মিমিয়া বাড়ির উঠানে গুদামঘরের সামনে বসে আগুন পোহাচ্ছিল। এ সময় অসাবধানতাবশত তার গায়ে আগুন ধরে যায়। আগুনে আতঙ্কিত হয়ে সে দৌড়ে গুদামঘরের ভেতরে ঢুকে পড়ে। সেখানে রাখা পাটের ফেঁসোতে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে গুদামে থাকা পাটকাঠিতে। মুহূর্তেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে।
পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দ্রুত মিমিয়াকে উদ্ধার করেন। আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। পরে গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
গৃহকর্তা মানিক মিয়া বলেন, “আল্লাহ পাক বড় ধরনের ক্ষতির হাত থেকে আমাদের হেফাজত করেছেন। গুদামের এক পাশে পাটকাঠি এবং অন্য পাশে কিছু বিচালি রাখা ছিল। আগুনে শুধু পাটকাঠিগুলো পুড়ে গেছে। আমার মেয়ের কোনো ক্ষতি হয়নি।”
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি।




















