প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৪৭:৩০ প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অভিনয়শিল্পী সংঘ’র পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কোনো সদস্য যদি ব্যক্তিগতভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেন বা রাজনৈতিক মতামত প্রকাশ করেন, তবে তার দায়ভার পুরোপুরি ব্যক্তির উপর থাকবে। সংগঠনটি এ বিষয়ে কোনোভাবেই দায়ী হবে না।
সংগঠনের সভাপতি আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক রাশেদ মামুনুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও পেশাজীবীদের কল্যাণমুখী সংগঠন। কোনো সদস্যের ব্যক্তিগত রাজনৈতিক কর্মকাণ্ড, সামাজিক মাধ্যমে রাজনৈতিক বা হিংসাত্মক স্ট্যাটাস শেয়ার করা সবই ব্যক্তিগত দায়বোধ হিসেবে বিবেচিত হবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের নাম, লোগো বা পরিচয় ব্যবহার করে কোনো রাজনৈতিক বা উসকানিমূলক কনটেন্ট প্রকাশ করা অনুচিত। এসব বিষয়ে সংগঠন কোনোভাবেই দায়ী থাকবে না। সদস্যদের সচেতন থাকার জন্য সবাইকে সহযোগিতা কাম্য।
এদিকে সংগঠনটির সভাপতি আজাদ আবুল কালাম বলেন, ‘আমাদের এক সদস্য রাজনৈতিক প্রচারে সংঘের নাম ব্যবহার করেছেন। রাজনীতি করার অধিকার সবার আছে। তবে কেউ যেন সংঘের নাম, লোগো বা পরিচয় ব্যবহার না করেন।’











