সারাদেশ

শাকসুতে ফাতেমা তুজ জাহরা হলে ভিপি প্রার্থী নাজমুন নাহার হিরা

  নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার (সিলেট) ৯ ডিসেম্বর ২০২৫ , ৮:৪৩:০৯ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ—শাকসু নির্বাচনে ফাতেমা তুজ জাহরা হলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রার্থী হয়েছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী নাজমুন নাহার হিরা। তিনি ৪ ডিসেম্বর মনোনয়ন ফরম সংগ্রহ করে শেষ দিন ৬ ডিসেম্বর তা দাখিল করেন।

১৯৯৭ সালের পর দীর্ঘ বিরতির অবসানে আগামী ১৭ ডিসেম্বর শাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস দেখা যাচ্ছে—সবাই শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ভোটের প্রত্যাশা করছেন।

ভিপি প্রার্থী নাজমুন নাহার হিরা দৈনিক মতপ্রকাশকে বলেন, “হলের প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা, মানসম্মত আবাসন, পড়াশোনার সহায়ক পরিবেশ ও স্কিল ডেভেলপমেন্ট আমার অগ্রাধিকার।” তিনি ‘১০ দফা অঙ্গীকার’ প্রকাশ করেন—

  • মানসম্মত ও স্বাস্থ্যকর খাবার: ডাইনিং–ক্যান্টিনে সাশ্রয়ী ও স্বাস্থ্যসম্মত খাবার, নিয়মিত মনিটরিং।
  • Skill Hub: হলে আলাদা স্কিল হাব—গ্রাফিক্স, প্রোগ্রামিং, ফ্রিল্যান্সিং, পাবলিক স্পিকিং, নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা প্রশিক্ষণ।
  • ক্যারিয়ার ও ফ্রিল্যান্সিং ওয়ার্কশপ: CV, পোর্টফোলিও, লিংকডইন ও ফ্রিল্যান্সিং বিষয়ে নিয়মিত সেশন।
  • নিরাপদ ও স্থায়ী আবাসন: টিভি–রুম/অস্থায়ী অবস্থানরতদের দ্রুত নিরাপদ আবাসনের ব্যবস্থা।
  • বিশুদ্ধ পানি ও নিরাপত্তা: প্রতিটি ব্লকে বিশুদ্ধ পানির ব্যবস্থা, গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত লাইটিং ও সিকিউরিটি।
  • মেডিক্যাল ও জরুরি সেবা: হল–ভিত্তিক মেডিক্যাল সাপোর্ট উন্নয়ন, জরুরি সেবা সহজলভ্য করা।
  • ডিজিটাল সুবিধা ও ব্যাংকিং: হলের Wi-Fi/ইন্টারনেট মানোন্নয়ন, বিকাশ/মোবাইল ব্যাংকিং এজেন্ট সুবিধা।
  • রিডিং রুম ও লাইব্রেরি: শান্ত, আলো–বাতাসসমৃদ্ধ রিডিং রুম; নতুন বইসহ লাইব্রেরি কর্নার।
  • ডিবেট–কালচারাল–স্পোর্টস: ডিবেট ক্লাব, পাবলিক স্পিকিং, ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন নিয়মিত করা।
  • জবাবদিহি ও ফলো–আপ: দাবি বাস্তবায়নে প্রশাসনের সাথে নিয়মিত সমন্বয় ও অগ্রগতি রিপোর্ট।

চূড়ান্ত অঙ্গীকারে তিনি বলেন, “নির্বাচিত হলে ইনশাআল্লাহ, সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে ফাতেমা তুজ জাহরা হলের প্রতিটি শিক্ষার্থীর কল্যাণে কাজ করব।”

শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত এক নির্বাচনী উৎসবের অপেক্ষায় রয়েছে শাবিপ্রবি ক্যাম্পাস।

আরও খবর

Sponsered content