নুরুজ্জামান শেখ ।। গাজীপুর মহানগর ৯ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:৫৯:৩৬ প্রিন্ট সংস্করণ
গাজীপুর-২ আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী এম মঞ্জুরুল করিম রনি-র নির্বাচনি প্রচারণায় যোগ দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। এ সময় তিনি জেলার খেলোয়াড়দের সঙ্গে খেলাধুলার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর নগরের পিটিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন তামিম ইকবাল। খেলোয়াড়রা মাঠের স্বল্পতা, খেলাধুলার পরিবেশ উন্নয়ন, শহীদ বরকত স্টেডিয়াম সংস্কার, টঙ্গী টেনিস স্টেডিয়াম সবার জন্য উন্মুক্ত করা, সাঁতার শেখার জন্য সুইমিং পুল নির্মাণ, পূর্ণাঙ্গ ক্রিকেট ও ভলিবল মাঠ স্থাপনের দাবি জানান।
সভায় তামিম ইকবাল স্কুলপর্যায় থেকে ক্রিকেট শুরু করার পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলার জন্য গাজীপুরে উপযুক্ত অবকাঠামো গড়ে তুলতে ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস দেন এবং খেলোয়াড়দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। একই সঙ্গে এসব সমস্যা সমাধানে ধানের শীষের প্রার্থী মঞ্জুরুল করিমের প্রতি অনুরোধ জানান।
অনুষ্ঠানে বক্তব্যে মঞ্জুরুল করিম বলেন, “গাজীপুর ক্রীড়া ক্ষেত্রে অনেকটা অবহেলিত। প্রতিভাবান খেলোয়াড় থাকা সত্ত্বেও অনেকেই জাতীয় দল বা ভালো লিগে খেলার সুযোগ পান না। তাদের সমস্যার কথা শোনার জন্য ও পরামর্শ দেওয়ার উদ্দেশ্যেই তামিম ইকবালকে এখানে আনা হয়েছে। আমি যদি আপনাদের সেবা করার সুযোগ পাই, খেলার মাঠ, স্কুলে স্কুলে ক্লাব এবং নিয়মিত লিগ আয়োজনের ব্যবস্থা করব।”
এ সময় তামিম ইকবাল বলেন, “রনি ভাইয়ের সঙ্গে ২০১৩ সাল থেকে আমার পরিচয়। তিনি একই সঙ্গে ভাই ও বন্ধু। তার দুঃখ–সুখের অনেক সময়ের সঙ্গী আমি। তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ। একসময় ঢাকায় লিগ পরিচালনা করেছেন, তার দলে জাতীয় দলের অনেক খেলোয়াড় খেলেছেন। আজ খেলাধুলা নিয়ে আপনারা যে চাহিদা ও অসন্তোষের কথা জানালেন, আমি আশাবাদী রনি ভাই সেগুলো পূরণ করবেন।”





















