হাবিল উদ্দিন, বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ ৭ এপ্রিল ২০২৬ , ১১:৫১:৪৮ প্রিন্ট সংস্করণ
রাজশাহীর বাঘা উপজেলায় একটি পুকুর থেকে সানাউল্লাহ (৪৫) নামে এক চা বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার মনিগ্রাম বাজার থেকে প্রায় ৫০০ মিটার উত্তরে বাঁকড়া রোডের পাশে মনিগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্য, সানাউল্লাহ মনিগ্রাম বাজারের পরিচিত চা বিক্রেতা ছিলেন। তবে কীভাবে তিনি পুকুরে পড়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কিছু—তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।
বাঘা থানার পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।




















