সারাদেশ

রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাঙচুর

  প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৬ , ৯:৩২:২৩ প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় নিজ জেলা পঞ্চগড়ে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানকে। এ ছাড়া জাগপার কার্যালয় ভাঙচুর করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে সাড়ে ৫টায় জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন সংগঠনগুলোর নেতাকর্মীরা।

এর আগে, শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা এলাকায় যায়। এসময় কিছু নেতাকর্মী জাগপা কার্যালয়ের টিনের বেড়া ভাঙচুর ও কার্যালয়ের ভেতরে চেয়ার, ফ্যানসহ আসবাবপত্র ভাঙচুর করে। পরে আবারও মিছিল নিয়ে চৌরঙ্গী মোড় এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এ সময় জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা প্রধানমন্ত্রীর তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার তীব্র প্রতিবাদ জানান। একইসঙ্গে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানকে পঞ্চগড়ে অবঞ্চিত ঘোষণা করেন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখনই জাগপা নেতা রাশেদ প্রধান প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর কথাবার্তা বলেছে। আমরা সারাদেশে লজ্জায় পড়ে গেছি। যে তার বাড়ি পঞ্চগড়ে। তিনি রাজনৈতিকভাবে একটি দলের বিরোধিতা করতেই পারেন, তবে তা হতে হবে নিয়মের মধ্য দিয়ে, রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে দিয়ে। কিন্তু তিনি তা না করে কটূক্তি করে প্রধানমন্ত্রীর মানহানি করেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।’

তিনি বলেন, ‘একই সাথে এর বিচার আমরা দাবি করছি। পঞ্চগড়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এই রাশেদ প্রধানকে তার নিজ জেলা পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করছে।’

এদিকে, জাগপা কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিচার দাবি করেছেন দলটির নেতাকর্মীরা।

জাগপা পঞ্চগড়ের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী বলেন, ‘২০২৪ সালে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের অফিসে একই কায়দায় হামলা করেছে। আমরা মনে করেছিলাম গণঅভ্যুত্থানের পরে বাক্‌স্বাধীনতা ফিরে পাব। কিন্তু নব্য স্বৈরাচার বিএনপি আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। আজ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েক শ নেতাকর্মী আমাদের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করেছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ এবং বিচার দাবি করছি। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেব।’

জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব বলেন, ‘তারা আমাদের দলীয় কার্যালয়ের প্রাচীর ও ভেতরের চেয়ার টেবিল টিভিসহ আসবাপত্র ভাঙচুর করেছে। তবে আমাদের কোনো নেতাকর্মীর ওপর তারা হামলা করেনি। তারা আমাদের ওপর হামলা করলে আমরা তাদের প্রতিহত করতাম।’

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে।’

আরও খবর

Sponsered content