প্রচ্ছদ » সারাদেশ » লালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ট্রাফিক আইন লঙ্ঘনে দুই চালকের বিরুদ্ধে মামলা
লালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ট্রাফিক আইন লঙ্ঘনে দুই চালকের বিরুদ্ধে মামলা
লালপুর (নাটোর) প্রতিনিধি: ২৬ জুন ২০২৬ , ১১:৪০:৫৪প্রিন্ট
সংস্করণ
টানা সড়ক দুর্ঘটনা রোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিতের লক্ষ্যে নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়ন সংলগ্ন পাবনা-রাজশাহী মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৬ জুন) দিনব্যাপী মহাসড়কের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে মহাসড়কে চলাচলকারী হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের থামিয়ে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। একই সঙ্গে সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘন এবং প্রয়োজনীয় যানবাহনের কাগজপত্র সঙ্গে না থাকায় দুই চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তা জানান, নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যেই এ আকস্মিক অভিযান পরিচালনা করা হয়েছে। মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা এবং বাংলাদেশ আনসার বাহিনীর একটি চৌকস দল।
প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় যাত্রী, পরিবহন চালক ও সাধারণ পথচারীরা। তাঁদের মতে, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং দুর্ঘটনার হার কমে আসবে।