প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৬ , ১:০২:০৭ প্রিন্ট সংস্করণ
সাংবিধানিক নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে সরকার স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান।
আজ রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তর প্রধান এবং গণমাধ্যমের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্থানীয় সরকার সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘আমাদের ক্যান্টনমেন্টের দল বলা হয়, অথচ আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তা পুনরুদ্ধার করেছেন।’
তিনি বলেন, ‘বিগত সরকারের সময়ে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সে রকম নির্বাচন এই গণতান্ত্রিক সরকার করবে না।’
দুর্নীতি প্রসঙ্গে আবদুল মঈন খান বলেন, ‘আমাদের সরকার কোনো ধরনের দুর্নীতিকেই প্রশ্রয় দেবে না। যারা করবে যথাযথ প্রক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘আমরা আইনি ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাই।’
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে প্রতিমন্ত্রী ও কর্মকর্তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি জনগণের সেবা নিশ্চিত করতে চান। এ কাজে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি।
এর আগে সকালে মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় অংশ নেন নবনিযুক্ত মন্ত্রী। সভায় মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার বিষয়ে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।





















