সিলেট প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৬ , ৪:০১:৫২ প্রিন্ট সংস্করণ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের ১৯টি আসনের প্রার্থী হিসাব-নিকাশ চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোট। সমঝোতার ভিত্তিতে সিলেট বিভাগের মোট ১৯টি আসনের মধ্যে ১০টিতে প্রার্থী দিচ্ছে জামায়াতে ইসলামী, বাকি ৯টি আসন ছেড়ে দেওয়া হয়েছে জোটভুক্ত অন্যান্য শরিক দলকে।
তবে উল্লেখযোগ্য বিষয় হলো—সারাদেশে ৩০টি আসন পেলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট বিভাগে কোনো আসন পায়নি।
সুনামগঞ্জ-৩ আসনটি সব দলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ায় সুনামগঞ্জ-১ ও হবিগঞ্জ-৩ আসনেও জামায়াত প্রার্থী দিতে পারে। এতে করে সিলেট বিভাগে জামায়াতের মোট প্রার্থী সংখ্যা ১০ থেকে বেড়ে ১২টিতে দাঁড়াতে পারে।
এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ২৫৩টি আসনে প্রার্থী ঘোষণা করেন। তিনি জানান, জোটগত সমঝোতায় জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে প্রার্থী দেবে।
যদিও সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ আসনভিত্তিক তালিকা প্রকাশ করা হয়নি, দলীয় একটি বিশ্বস্ত সূত্রে সিলেট বিভাগের প্রার্থীদের নাম পাওয়া গেছে।
সিলেট-১: মাওলানা হাবিবুর রহমান
সিলেট-৩: মাওলানা লোকমান আহমদ
সিলেট-৪: মো. জয়নাল আবেদীন
সিলেট-৬: মো. সেলিম উদ্দিন
সুনামগঞ্জ-২: মোহাম্মদ শিশির মনির
সুনামগঞ্জ-৪: মো. শামছ উদ্দিন
সুনামগঞ্জ-৫: আব্দুস সালাম মাদানী
মৌলভীবাজার-১: মোহাম্মদ আমিনুল ইসলাম
মৌলভীবাজার-২: মো. সায়েদ আলী
হবিগঞ্জ-১: মো. শাহজাহান আলী
সিলেট বিভাগে খেলাফত মজলিস পেয়েছে ৫টি আসন, আর বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ১টি আসন।
সুনামগঞ্জ-৩ আসনটি উন্মুক্ত থাকলেও সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন—
জামায়াত: ইয়াসীন খান
এবি পার্টি: সৈয়দ তালহা আলম
খেলাফত মজলিস: হাফেজ শেখ মোশতাক আহমদ
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিলেট বিভাগে জামায়াতের সাংগঠনিক শক্ত অবস্থান ও প্রবাসী ভোটারদের প্রভাব বিবেচনায় রেখে এই আসন বণ্টন করা হয়েছে। একই সঙ্গে সিলেটে এনসিপিকে কোনো আসন না দেওয়ার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের একক নির্বাচনী ঘোষণার ফলে, তাদের জন্য বরাদ্দ থাকা ৪৭টি আসনে নতুন করে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে জামায়াত জোট। জোট সূত্র জানায়, এসব আসনে অন্যান্য শরিক দলগুলোকেও প্রার্থী দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।




















