সারাদেশ

১১ দলীয় জোটের সমঝোতা: শরীয়তপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা জালালুদ্দীন আহমদ

  মোঃ সাইফুল ইসলাম, শরীয়তপুর প্রতিনিধি: ১৬ জানুয়ারি ২০২৬ , ৭:৪২:১৮ প্রিন্ট সংস্করণ

৪৭টি আসন ফাঁকা রেখে ২৫৩টি আসনে সমঝোতায় পৌঁছেছে ১১ দলীয় নির্বাচনী জোটের অন্তর্ভুক্ত ১০টি দল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদকে জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

প্রার্থী ঘোষণা শেষে প্রতিক্রিয়ায় মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, “আসন্ন নির্বাচন হবে নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এর আগে এতগুলো ইসলামী দল একসঙ্গে এত বড় জোট গঠন করেনি। এই ঐক্য ভবিষ্যতে একটি মডেল হিসেবে ঐতিহাসিক ভূমিকা পালন করবে।”

তিনি আরও বলেন, “গত ৫৪ বছরে দেশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখেছে। এবার তারা ইসলামপন্থীদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে দেখতে চায়। শরীয়তপুর-১ আসনে আমাকে প্রার্থী করায় আমি কৃতজ্ঞ। আশা করছি, জোটভুক্ত সব দল ঐক্যবদ্ধভাবে কাজ করে জনগণের রায় নিয়ে আমাকে বিজয়ী করবে, ইনশাআল্লাহ।”

বিজয়ী হলে শরীয়তপুরের সার্বিক উন্নয়নে অগ্রাধিকারভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “জনগণ আমাকে নির্বাচিত করলে শরীয়তপুরের উন্নয়নে যা যা করণীয়, ইনশাআল্লাহ আমি তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবো।”

আরও খবর

Sponsered content