প্রচ্ছদ

বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজদের খোঁজে জরুরি নম্বর প্রকাশ, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

  নিজস্ব প্রতিবেদক, ঢাকা ২১ জুলাই ২০২৫ , ৮:৪৬:৫৭ প্রিন্ট সংস্করণ

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। নিহত ও আহতদের মধ্যে বেশিরভাগই স্কুলের শিক্ষার্থী বলে জানা গেছে। দুর্ঘটনার আকস্মিকতায় অনেক অভিভাবক এখনো তাদের সন্তানদের কোনো খোঁজ পাননি।

এমন পরিস্থিতিতে নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে তথ্য জানাতে ও সহায়তা পেতে জরুরি ভিত্তিতে কয়েকটি হটলাইন নম্বর চালু করেছে প্রশাসন। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এসব নম্বর দেওয়া হয়েছে এবং জানানো হয়েছে, জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ জরুরি সেলের মাধ্যমে বার্ন ইউনিট বা অন্যান্য প্রয়োজনীয় স্থানে সংযোগ করিয়ে দেওয়া হবে।

জরুরি যোগাযোগের নম্বরগুলো হলো:
📞 মিলিটারি রেস্কিউ ব্রিগেড: 01769024202
📞 সিএমএইচ বার্ন ইউনিট: 01769016019
📞 সিএমএইচ ইমার্জেন্সি: 01769013311
📞 মাইলস্টোন স্কুল প্রশাসনিক কর্মকর্তা: 01814774132‬
📞 মাইলস্টোন স্কুল উপাধ্যক্ষ: 01771111766

এদিকে, এই হৃদয়বিদারক দুর্ঘটনায় আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।

ঘটনাস্থলে এখনো উদ্ধার তৎপরতা ও তদন্ত চলছে। আইএসপিআর এবং সংশ্লিষ্ট বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি কাজ করছে।

উল্লেখ্য, দুর্ঘটনার পর আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসা সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এখনো যাদের সন্তান বা প্রিয়জনের খোঁজ মেলেনি, তারা উপরের নম্বরগুলোতে যোগাযোগ করে তথ্য জানতে পারবেন। প্রশাসনও সর্বাত্মক সহযোগিতা করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও খবর

Sponsered content