গাজীপুর প্রতিনিধি ২৬ জুলাই ২০২৫ , ১০:৫৭:২১ প্রিন্ট সংস্করণ
গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন মৃধা জর্জকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে কালিগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের রাতুরা ছুটি রিসোর্টে এক বিয়ের অনুষ্ঠান থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশের একটি দল কালিগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “আমাদের সহযোগিতায় শ্রীপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী একাধিক মামলা রয়েছে।”
শ্রীপুর থানা সূত্রে জানা গেছে, নাসিরউদ্দিনের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি সুনির্দিষ্ট মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ গ্রেপ্তারের খবরে নানা আলোচনা চলছে।




















