প্রতিনিধি ৩ আগস্ট ২০২৫ , ২:১৪:১৫ প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক:
ইংল্যান্ড শিবিরে বড়সড় ধাক্কা! আসন্ন অ্যাশেজ সিরিজ শুরুর আগেই ইনজুরির কবলে পড়েছেন দলের অন্যতম অভিজ্ঞ অলরাউন্ডার ক্রিস ওকস। কাঁধের মারাত্মক চোটে অন্তত ১২ থেকে ১৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফলে প্রায় নিশ্চিতভাবেই অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিতব্য অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে যাচ্ছেন তিনি।
ভারতের বিপক্ষে চলমান সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ওভালে ফিল্ডিংয়ের সময় বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোট পান ওকস। প্রাথমিক রিপোর্টে জানা গেছে, কাঁধের হাড় সরে গেছে। এর ফলে তিনি ব্যাটিং বা বোলিং—কোনোটিই করতে পারছেন না। অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলেও চিকিৎসকরা জানিয়েছেন, যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
চিকিৎসকদের ধারণা অনুযায়ী, নভেম্বরের মাঝামাঝি মাঠে ফিরলেও সেটা হবে শুধুই সীমিত ওভারের ম্যাচের জন্য। তাই ২১ নভেম্বর পার্থে শুরু হতে যাওয়া অ্যাশেজের প্রথম টেস্টে ওকসের থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এমনকি পুরো সিরিজেই তার না থাকার আশঙ্কাই বেশি।
ওকসের অনুপস্থিতি নিঃসন্দেহে ব্রেন্ডন ম্যাককালামের দলের জন্য একটি ধাক্কা হলেও ইংল্যান্ডের বিকল্প পেস আক্রমণ নিয়ে খুব একটা শঙ্কা নেই। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন জোফরা আর্চার ও গাস অ্যাটকিনসন। যদিও ভারতের বিপক্ষে শেষ টেস্টে খেলছেন না আর্চার, তবে সেটি সাময়িক চোটের কারণে। পাশাপাশি পুনর্বাসন প্রক্রিয়া শেষে দলে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন মার্ক উডও।
উল্লেখ্য, এবারের অ্যাশেজ সিরিজ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার মাটিতে।
সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে পার্থে, ২১ নভেম্বর
শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৮ জানুয়ারি
ইংল্যান্ড ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে সিরিজ ঘিরে, তবে ক্রিস ওকসের অভাব কতটা অনুভূত হবে, সেটা সময়ই বলে দেবে।




















