আইন-আদালত

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: স্থায়ী শান্তি চুক্তির আহ্বান ট্রাম্পের, প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির

  প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৫ , ১:১৫:৩৬ প্রিন্ট সংস্করণ

আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন ও রাশিয়াকে যুদ্ধ বন্ধে সরাসরি স্থায়ী শান্তি চুক্তিতে যেতে হবে। তাঁর মতে, ‘মধ্যবর্তী যুদ্ধবিরতিতে শান্তি দীর্ঘস্থায়ী হয় না।’

আগামীকাল সোমবার ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসবেন। এতে ইউরোপের কয়েকজন নেতাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, তিনি বৈঠকের জন্য সোমবার ওয়াশিংটনে যাবেন।

বিবিসি ও নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, বৈঠকে ট্রাম্প ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে একটি প্রস্তাবিত চুক্তি মেনে নিতে চাপ দেবেন। প্রস্তাবে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলের যেসব এলাকা রাশিয়া নিজেদের বলে ঘোষণা করেছে, সেগুলো কিয়েভকে স্বীকৃতি দিতে হবে। এমনকি দনবাসের কিছু ইউক্রেন-নিয়ন্ত্রিত এলাকা নিয়েও মস্কোর দাবি মেনে নেওয়ার কথা উল্লেখ রয়েছে।

তবে প্রেসিডেন্ট জেলেনস্কি এ প্রস্তাব নাকচ করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, সংবিধানের পরিপন্থী কোনো ভূখণ্ড ইউক্রেন ছেড়ে দেবে না। বরং প্রথমে একটি স্থায়ী যুদ্ধবিরতিই হওয়া উচিত বলে মত দেন তিনি।

ট্রাম্প-পুতিন বৈঠকের পর যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, ফিনল্যান্ড, পোল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা যৌথ বিবৃতিতে জানান, তাঁরা প্রেসিডেন্ট ট্রাম্প ও জেলেনস্কির সঙ্গে ইউরোপের সহযোগিতায় ত্রিপক্ষীয় বৈঠকে বসতে প্রস্তুত।

২০১৪ সালে রাশিয়া অবৈধভাবে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয়। এরপর ২০২২ সালে ইউক্রেনে পূর্ণ মাত্রায় সামরিক অভিযান শুরু করে। বর্তমানে রাশিয়া দনবাস অঞ্চলকে নিজেদের ভূখণ্ড দাবি করছে এবং লুহানস্কের প্রায় পুরোটাই ও দোনেৎস্কের প্রায় ৭০ শতাংশ তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

ট্রাম্প এর আগে বলেছিলেন, যে কোনো শান্তি চুক্তিতে কিছু অঞ্চলের বিনিময় জড়িত থাকবে। আলাস্কা বৈঠকের পরও তিনি জেলেনস্কিকে একই প্রস্তাব দিয়েছেন বলে জানা গেছে।

আরও খবর

Sponsered content