সিলেট প্রতিনিধি: ২৬ আগস্ট ২০২৫ , ৩:৫৬:২৬ প্রিন্ট সংস্করণ
সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে যৌতুক নিরোধ আইনের মামলার রায় ঘোষণার পর এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্বামী খালাস পাওয়ায় ক্ষুব্ধ হয়ে বাদিনী নুরজাহান বেগম (৩৮) আদালত চত্বরে আসামিপক্ষের ওপর অতর্কিত হামলা চালান। এতে আসামিপক্ষের দুইজন গুরুতর আহত হন।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন আদালত ভবনের ৬ষ্ঠ তলায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—সিলেট নগরীর ঘাসিটুলা এলাকার জামাল উদ্দিন (৫৭) ও বিশ্বনাথ উপজেলার সোনাপুর এলাকার সাদিকুর রহমান (২৯)। তাদের তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বনাথ থানার সিআর মামলা নং ৪৯৭/২০২৩-এর যৌতুক নিরোধ আইনের মামলায় আসামি মো. আব্দুস শুকুরকে (৪০) আদালত খালাস দেন। রায়ের পর বাদিনী নুরজাহান বেগম দৌড়ে ৩য় তলায় নেমে চাকু, হাতুড়ি ও সেলাই রেঞ্জ দিয়ে আসামিপক্ষের লোকজনের ওপর হামলা চালান।
এসময় আসামিপক্ষ আদালতের অন্য এজলাসে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচেন। তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা নুরজাহান বেগম ও তার ছোট ভাই মনজাম মিয়াকে (২৮) আটক করে। তাদের কাছ থেকে হামলার অস্ত্র জব্দ করা হয়।
ঘটনার পর আদালত এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা দেখা দিলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। বর্তমানে আদালত এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।
সিলেট মহানগর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় দুইজন আহত হয়েছেন এবং হামলাকারী নুরজাহান বেগম ও তার ভাইকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”








