মেহেদী হাসান, বরগুনা (আমতলী) প্রতিনিধি: ৪ সেপ্টেম্বর ২০২৫ , ৬:০৮:৩১ প্রিন্ট সংস্করণ
বরগুনার আমতলী উপজেলার একমাত্র শিশুপার্কটি দীর্ঘ ২২ বছর অবহেলা ও সংস্কারের অভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। স্থানীয় অভিভাবকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পার্কটি সংস্কার করে শিশুদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সংস্কারকৃত পার্কটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. রোকুনুজ্জামান খান। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিআরডিবি চেয়ারম্যান মো. মঈনউদ্দিন মামুন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জামাল খান, পৌরসভার হিসাব রক্ষক মো. নাসির প্রমুখ।
২০০৩ সালে এলজিইডির অর্থায়নে ইউএনও’র বাসভবন সংলগ্ন মাঠে শিশুপার্কটি প্রতিষ্ঠা করা হয়। শুরুতে শিশুদের ব্যাপক আগমন ঘটলেও কয়েক বছরের মধ্যেই দোলনা, মই ও অন্যান্য খেলনা মরিচায় নষ্ট হয়ে পড়ে পার্কটি। দীর্ঘ সময় পরিত্যক্ত থাকার পর এবার ইউএনও রোকুনুজ্জামান খানের উদ্যোগে পার্কটি নতুনভাবে সংস্কার করা হলো।
উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শিশুপার্ক চালু হওয়ায় ইউএনওকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
পৌর বিএনপির আহ্বায়ক মো. কবির ফকির বলেন, “শিশুপার্কটি অনেকদিন জরাজীর্ণ অবস্থায় ছিল। সংস্কার করে শিশুদের জন্য উন্মুক্ত করায় আমরা ইউএনও’র প্রতি কৃতজ্ঞ।”




















