অর্থ-বাণিজ্য

নির্বাচন নিয়ে জনমনে সংশয়: গণতন্ত্রে উত্তরণ হয়তো সংকটপূর্ণ হতে পারে — তারেক রহমান

  প্রতিনিধি ৩ নভেম্বর ২০২৫ , ১২:৪৪:৩৮ প্রিন্ট সংস্করণ

ঢাকা, ৩ নভেম্বর: আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয় ও সন্দেহ গণতন্ত্রে উত্তরণের পথকে হয়তো সংকটপূর্ণ করে তুলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের এক হোটেলে প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “প্রতিনিয়ত একের পর এক নিত্যনতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে কেমন যেন সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে। কৌশল ও অপকৌশলের মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হলে কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে শেষ পর্যন্ত বিনা শর্তে আত্মসমর্পণ করতে হতে পারে— এ বিষয়ে সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “পরাজিত পলাতক স্বৈরাচারের আমলে জনগণের জাতীয় নির্বাচন নিয়ে কোনো আগ্রহ ছিল না। অথচ এখনো প্রশ্ন উঠছে, যথাসময়ে নির্বাচন হবে কি না— এমনটি হওয়ার কথা ছিল না। দেশের নির্বাচনী ব্যবস্থা বিগত ১৫ বছরে ধ্বংস করা হয়েছে। উদ্বেগের বিষয়, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশেও বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার ও অপকৌশল দেখা যাচ্ছে।”

তারেক রহমান দৃঢ়ভাবে বলেন, “বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী প্রত্যেক মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।”

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “ধানের শীষ জিতলে আপনি জিতেছেন, দেশ ও গণতন্ত্র জিতবে। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ও ‘মাদার অব ডেমোক্রেসি’ খালেদা জিয়ার প্রতি সম্মান রেখে এমন কোনো আচরণ করবেন না যাতে দল ও সমর্থকরা বিব্রত হয়। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন।”

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, দেশের ৩০০ সংসদীয় আসনে বিএনপি দলীয় ও সমর্থিত প্রার্থীদের মনোনয়ন প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে। তিনি বলেন, “প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকা বিএনপির জন্য গৌরবের বিষয়। তবে সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়। দল যাকে মনোনয়ন দেবে, তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তারেক রহমান জানান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথের শরিক রাজনৈতিক দলগুলোর যোগ্য প্রার্থীদেরও বিএনপি সমর্থন দেবে। এ কারণে কিছু আসনে বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন না-ও পেতে পারেন।
তিনি বলেন, “দেশ ও গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে এই বাস্তবতা মেনে নিতে হবে। মনে রাখতে হবে— ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।”

শেষে তিনি বলেন, “বিএনপি শুরু থেকেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখতে সর্বোচ্চ ছাড় দিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকেও সহযোগিতা করে আসছে। তবু প্রতিনিয়ত নতুন শর্ত আরোপ করে গণতন্ত্রের উত্তরণের পথকে সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে— এর পরিণতি সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে।”

আরও খবর

Sponsered content