মো: গোলাম কিবরিয়া, রাজশাহী বিশেষ প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৫ , ১২:৫৬:৪৩ প্রিন্ট সংস্করণ
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় মর্ডান কসমেটিকস অ্যান্ড হারবাল লিমিটেডে র্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে কারখানার উৎপাদন ইউনিট, কাঁচামালের মান, লেবেলিং, সংরক্ষণ ব্যবস্থা এবং সামগ্রিক কার্যক্রম পরিদর্শন করেন র্যাব ও ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় ওজনে কম দেওয়া, ভেজাল পণ্য উৎপাদন, অনুমোদনবিহীন লেবেল ব্যবহার এবং লাইসেন্সবিহীন তিনটি পণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।
পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, “পুঠিয়া উপজেলা প্রশাসন, র্যাব ও ভোক্তা অধিকারের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়েছে। অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বানেশ্বর এলাকায় যেসব প্রতিষ্ঠান অনুমোদন ছাড়া পরিচালিত হচ্ছে তাদের বিরুদ্ধেও দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “উপজেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”















