সারাদেশ

বগুড়ার সারিয়াকান্দিতে প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি ও পরীক্ষা বর্জন

  মোঃ রাশেদ মিয়া , স্টাফ রিপোর্টার, বগুড়া। ৪ ডিসেম্বর ২০২৫ , ৫:২২:২৩ প্রিন্ট সংস্করণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি আদায়ে সারাদেশের মতো বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বগুড়ার সারিয়াকান্দিতেও পূর্ণদিবস কর্মবিরতি ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালিত হয়েছে।

দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. বেতন স্কেলে ১১তম গ্রেড নির্ধারণ,
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তিতে জটিলতার সমাধান,
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।

চলমান বার্ষিক পরীক্ষা বর্জন করে উপজেলার ১৬৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ সহকারী শিক্ষক দিনব্যাপী সারিয়াকান্দি উপজেলা শিক্ষা অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
যদিও প্রধান শিক্ষকরা দপ্তরিদের সহযোগিতায় বিদ্যালয়গুলোয় সীমিতভাবে পরীক্ষা পরিচালনা করেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শারমিন আক্তার, তানজিয়া বিন রাজ্জাক, তারেক আল মামুন, সাথী আক্তার, বিকাশ কুমার সাহা ও শামীমা জিতু।

বক্তারা বলেন, “অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী ২২ দিন পার হলেও আমাদের তিন দফা দাবি বাস্তবায়নে কোনো অগ্রগতি হয়নি। তাই প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বানে সারাদেশে একযোগে কর্মসূচি পালিত হচ্ছে। ১১তম গ্রেডসহ আমাদের তিন দফা দাবি পূরণ না হলে লাগাতার কর্মবিরতি এবং পরীক্ষা বর্জন কর্মসূচি চালিয়ে যাব।”

তাঁরা আরও হুঁশিয়ারি দেন, “সরকার যদি দ্রুত দাবি মেনে না নেয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে সারিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মাহতাবুর রহমান বলেন, “কোমলমতি শিক্ষার্থীদের জিম্মি করা যাবে না। বার্ষিক পরীক্ষার ক্ষতি পুষিয়ে নিতে সবাইকে স্বাভাবিক কর্মে ফিরে আসতে হবে।”

এদিকে লাগাতার কর্মবিরতি ও পরীক্ষা বর্জনে উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। অভিভাবকরা দ্রুত শিক্ষকদের দাবি সমাধান করে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিকতা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।

আরও খবর

Sponsered content