রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ১৭ ডিসেম্বর ২০২৫ , ১১:২৬:১০ প্রিন্ট সংস্করণ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট-২’ পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন প্রশান্ত বসাক (৫২)। তিনি উপজেলা আওয়ামী লীগের তথ্য, গবেষণা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে পৌর শহরের বন্দর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বন্দর এলাকার একটি দর্জির দোকান থেকে প্রশান্ত বসাককে আটক করা হয়। তার বিরুদ্ধে রাণীশংকৈল থানায় একটি বিস্ফোরক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রশান্ত বসাক পৌর শহরের বন্দর এলাকার মৃত মহেন্ত বসাকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি রাণীশংকৈল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি সম্পৃক্ত বলে জানা গেছে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তারকৃত প্রশান্ত বসাক একটি বিস্ফোরক মামলার আসামি ছিলেন। আইনানুগ প্রক্রিয়া শেষে রাতেই তাকে ঠাকুরগাঁও জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”




















