প্রচ্ছদ

জনবান্ধব প্রশাসক হিসেবে সুনাম কুড়াচ্ছেন নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার

  নেত্রকোনা প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২৫ , ১১:৫৩:৩৭ প্রিন্ট সংস্করণ

কথায় আছে—একজন মানুষ সবার প্রিয় হতে পারেন না, তবে তার কৃতকর্ম তাকে ব্যতিক্রম করে তোলে। তেমনই একজন কর্মচঞ্চল, মানবিক ও জনবান্ধব প্রশাসক হিসেবে ইতোমধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার।

নেত্রকোনা পৌরসভায় প্রশাসক হিসেবে যোগদানের পর থেকেই পৌরসভার সার্বিক চিত্রে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তার কাছে গিয়ে কোনো মানুষ নিরূপায় হয়ে ফিরে এসেছেন—এমন অভিযোগ নেই বললেই চলে। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সর্বসাধারণের জন্য তার কার্যালয়ের দরজা উন্মুক্ত রেখেছেন। যে কেউ যেকোনো সময় পৌরসভার সমস্যা ও প্রয়োজন নিয়ে তার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন।

২৯তম বিসিএসের একজন মেধাবী ও পরীক্ষিত প্রশাসনিক কর্মকর্তা আরিফুল ইসলাম সরদার সবার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানে সচেষ্ট থাকেন। তার মেধা, প্রজ্ঞা ও কর্মদক্ষতার কারণে অল্প সময়ের মধ্যেই তিনি জনবান্ধব পৌর প্রশাসক হিসেবে সুনাম অর্জন করেছেন।

তার নেতৃত্বে পৌরসভার প্রতিটি সেক্টরে কাজের গতি বেড়েছে। সেবা গ্রহণে হয়রানি ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং, সেবার মান উন্নয়ন, প্রকৃত কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ, হতদরিদ্রদের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়া, ভূমিদস্যুতা রোধসহ নানা সময়োপযোগী কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

এছাড়া পৌর এলাকার হাট-বাজার তদারকি, স্থানীয় সরকার বিভাগের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা, ভিক্ষুকমুক্ত পৌরসভা গঠনের উদ্যোগ গ্রহণসহ বিভিন্ন পদক্ষেপে বদলে যাচ্ছে পুরো পৌরসভার চিত্র। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রশংসাও কুড়িয়েছেন তিনি।

নেত্রকোনা পৌরসভায় দায়িত্ব গ্রহণের পর থেকে নিয়মিত মাঠ পর্যায়ে কাজ করছেন প্রশাসক আরিফুল ইসলাম সরদার। পৌরবাসীর খোঁজখবর নেওয়া, সরেজমিনে সমস্যা চিহ্নিত করা এবং দ্রুত সমাধানে তিনি নিজেই উদ্যোগ নিচ্ছেন।

পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, প্রশাসক হিসেবে আরিফুল ইসলাম সরদার যোগদানের পর পৌরসভার সেবাখাতে হয়রানি ও ভোগান্তি কমেছে এবং প্রতিটি সেক্টরে সেবার মান বেড়েছে। তার আন্তরিকতা ও দায়িত্বশীলতার কোনো ঘাটতি নেই বলে জানান তারা।

এ বিষয়ে নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার বলেন, “আমি একজন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই পৌরসভাকে একটি গতিশীল ও জনবান্ধব পৌরসভায় রূপান্তর করতে চাই। এজন্য সবার দোয়া ও সহযোগিতা প্রয়োজন।”

আরও খবর

Sponsered content