মেহেরপুর প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৬ , ২:১৭:১৯ প্রিন্ট সংস্করণ
মেহেরপুর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে উদ্ধারকৃত হারানো মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত নগদ অর্থ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় মেহেরপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ ও হারানো মোবাইল ফোন হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত ৯২টি মোবাইল ফোন ও নগদ ৫৫ হাজার টাকা ভুক্তভোগীদের হাতে তুলে দেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
এছাড়াও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহায়তায় ফেসবুকের ১৩টি আইডি রিকোভারি করা হয়েছে এবং ৪ জন নিখোঁজ ভিকটিম উদ্ধারে সহযোগিতা করা হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ভুক্তভোগীদের উদ্দেশ্যে সতর্ক করে বলেন, তথ্যপ্রযুক্তির যুগে আমরা কেউ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও সাইবার স্পেসের বাইরে নই। তবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল ফোন ও যোগাযোগ মাধ্যম ব্যবহারে আমাদের আরও সচেতন হতে হবে। তিনি আরও বলেন, পুরোনো মোবাইল ফোন ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই ক্রয় রশিদ ও ক্যাশ মেমো নিতে হবে।
অনলাইন প্রতারণা প্রতিরোধে তিনি বলেন, কারও প্রলোভনে পড়ে মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ বা ক্যাশ অ্যাপের ওটিপি কারও সঙ্গে শেয়ার করা যাবে না। অনলাইনে কোনো কিছু ক্রয়ের পূর্বে অবশ্যই অভিজ্ঞজনের সঙ্গে পরামর্শ করতে হবে। সাইবার অপরাধ প্রতিরোধে মেহেরপুর জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উদ্ধারকৃত মোবাইল ফোন ও নগদ অর্থ হস্তান্তর অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিলুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় শতাধিক নারী-পুরুষ ভুক্তভোগী।














